বিমায় প্রযুক্তি ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১ মার্চ, ২০২০ ১৫:০৫  
বিমা খাতকে প্রযুক্তিনির্ভর করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (০১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রথম ‘জাতীয় বিমা দিবস ২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিমার দাবি নিষ্পত্তি থেকে শুরু করে বিমা সেবা আরো সহজীকরণ করবার জন্য আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করা একান্তভাবে অপরিহার্য। এটা করলে পরে দুর্নীতি দূর হবে, মানুষ উপকার পাবে। তিনি বলেন, অটোমেশন পদ্ধতিতে বিমা সেক্টরের অনেক সমস্যাও সমাধান হবে। কেউ আর ফাঁকি দিতে পারবে না। বিমার গ্রাহক যারা তাদেরও আস্থা বিশ্বাস বৃদ্ধি পাবে। বক্তেব্যে নিজে বিমা পরিবারের সন্তান পরিচয় দিয়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছ্বতা নিশ্চিত করে সকলের মধ্যে আস্থা ফিরিয়ে এনে বিমা কার্যক্রমকে একেবারে গ্রাম পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জানান শেখ হাসিনা। ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ প্রতিপাদ্যে জাতীয় বিমা দিবসের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।